রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে কীভাবে শিশুদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে ছয়টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমরা এসেছি। এসব শিশুর বয়স এক থেকে দুই দিন।”
একটি টেলিভিশনের খবরে নবজাতক ওয়ার্ডে গ্যাস নির্গমন থেকে ছয় শিশুর মৃত্যুর কথা বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আবার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের কথাও ছড়িয়ে পড়ে।
তবে উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের কোনো ঘটনা পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাতে হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে ১১ জন মা ও ছয়টি শিশু ছিল।
তিনি বলেন, “হাসপাতালের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জেনেছি, রাত দুইটার দিকে কয়েকজন মা অস্বস্তি বোধ করতে থাকেন। তাঁদের শ্বাসকষ্টের মতো হচ্ছিল। রাত চারটার দিকে কোনো কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ ছিল। পরে ভোর ছয়টার দিকে প্রথমে একটি শিশু মারা যায়। এরপর একে একে বাকি পাঁচটি শিশুর মৃত্যু হয়।”
কীভাবে শিশুদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
পূর্বের পোস্ট :