শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে এই আয়োজন শুরু হয়।
সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে; তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “এটি একটি যুগান্তকারী কর্মসূচি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।”
এই আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পূর্বের পোস্ট :