দেশের ছয় জেলায় আজ শনিবার বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, কিশোরগঞ্জে একজন, রংপুরে দুইজন, নেত্রকোনায় একজন, ময়মনসিংহে দুইজন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।
সুনামগঞ্জে ৫ জন নিহত
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুপুরে পৃথক ঘটনায় ধর্মপাশায় হবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৫), তাহিরপুরে আবুল কালাম (২৮), জামালগঞ্জে নুরুজ্জামান (৩২) এবং দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরে ধান কাটার সময় কৃষক লিটন মিয়া (৩৮) মারা যান।
কিশোরগঞ্জে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক হলুদ মিয়া (৩৭) নিহত হয়েছেন। দুপুরে বৃষ্টির সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা।
রংপুরে দুই জেলে নিহত
রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। তাঁরা হলেন মিলন রায় (৩০) ও আবু তালেব (৫৫)। এ ঘটনায় আরও সাতজন আহত হন।
নেত্রকোনায় কৃষকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহে দুইজন নিহত
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন রহমত আলী (৩০) ও মমতাজ আলী খান (৫৮)।
হবিগঞ্জে কৃষকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন মানুষকে খোলা জায়গায় কাজ করার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পূর্বের পোস্ট :