ঢাকায় গভীর রাতের এক অভিযানে সাবেক সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে মামলাগুলোর বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০০৭ সালের ‘এক-এগারো’–পরবর্তী সময়ে আলোচিত সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সে সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। একই সঙ্গে তিনি ‘গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ-এর ঘনিষ্ঠ হিসেবে তিনি ওই সময় যৌথবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ব্যাপকভাবে আলোচিত ছিলেন। কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন।
২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছাড়েন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ‘এক-এগারো’ নামে পরিচিতি পায়। পরে ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
সেই সময় যৌথবাহিনী শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে দুর্নীতির অভিযোগে মামলা দেয়। গ্রেপ্তারদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা। একই সময়ে বর্তমান বিএনপি নেতা তারেক রহমান-কেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে নির্যাতনের অভিযোগ ওঠে।
সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কথিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়, যার মাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
২০০৮ সালে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০১১ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি জাতীয় পার্টি-তে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সত্তরের দশকে রক্ষী বাহিনীতে কর্মজীবন শুরু করা মাসুদ উদ্দিন পরে সেনাবাহিনীতে আত্মীকরণ হন। অবসরের পর তিনি ঢাকায় একটি পাঁচতারকা মানের হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
পূর্বের পোস্ট :