মুক্তিযুদ্ধ ও সাত মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ তুলে শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম জানান, কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।
“মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামীলীগ ভূলুণ্ঠিত করেছে,” ফরিদপুরে এনসিপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বলেন নাহিদ ইসলাম।
গুম, খুন, হপত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ বৈধতা দিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, “আওয়ামীলীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।”
সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,
“জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।”
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নাহিদ ইসলাম জানান, ১২ তারিখের অধিবেশনের আগেই সরকারকে সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় জামায়াত নেতৃত্বাধীন এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।
সরকার এখন থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশে দলীয়করণ করা শুরু করেছে অভিযোগ তুলে নাহিদ বলেন, “বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবকিছু দলীয়করণ করা হয়েছিল। বর্তমাম সরকারের একমাসও হয়নি কিন্তু সে প্রবণতা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি।”
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতারা।
পূর্বের পোস্ট :