রমজানের মধ্যবর্তী সময় ও আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকার পাইকারি বাজারগুলোতে মশলার দাম স্থিতিশীল রয়েছে বলে শনিবার জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পুরান ঢাকার পাইকারি মশলার বাজার শ্যামবাজার পরিদর্শন করেন ইশরাক।
ইশরাক জানান, বাজারে মশলার সরবরাহ স্বাভাবিক আছে। কোনোভাবেই যাতে বাজারে পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীরা কারচুপি করতে না পারে সেজন্য শক্ত মনিটরিং ব্যবস্থা সচল আছে।
“বাজারে যাতে পণ্যের দাম নেই কেউ কারচুপি করতে না পারে, পণ্য মজুত করে সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে নজর আছে আমাদের। আপাতত বাজার ঘুরে মনে হচ্ছে বাজার এখনো স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে অন্যান্য মশলার দাম স্বাভাবিক আছে,” বলেন ইশরাক।
জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক জানান, বাজার নিয়ে কোনো সমস্যা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার সমাধান করবে। জনগণের সহয়তায় বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
এছাড়া পুরান ঢাকার পাইকারি বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও গ্যাস সংকট কাটাতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, “আমরা ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছি, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। গ্যাস সংকট সামাল দিতে তিতাসের সঙ্গেও যোগাযোগ আছে।”
দায়িত্ব পাওয়ার পরে এ কয়দিনে কী কী কাজ করলেন তা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন ইশরাক।
পূর্বের পোস্ট :