প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসাবে এসএএম মাহফুজুর রহমানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার  রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাহফুজুর রহমান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে যোগদান করবেন।

গ্রেড-১ এর চুক্তিভিত্তিক এ নিয়োগ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টির ওপরে ভিত্তি করে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মাহফুজুর রহমান বর্তমানে বার্তাসংস্থা ইউএনবিতে কর্মরত আছেন। এর আগে তিনি সময় টিভি, ডেইলি সান ও বিডি নিউজের মতো সংবাদমাধ্যমে কাজ করেছেন। তার সাংবাদিকতার অভিজ্ঞতা তিন দশকেরও বেশি সময়।