রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে এবং মেট্রোরেলে ইফতার পণ্য আহার করা যাবে না বলে মঙ্গলবার জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

দুপুরে এক বার্তায় ডিএমটিসিএল জানায়, পবিত্র রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ব্যবহৃত পানির বোতল অবশ্যই স্টেশনে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে। তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ডিএমটিসিএল।

এর আগে ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় রমজানে নতুন অফিসের সময় নির্ধারণ করে দেয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞার অনুযায়ী, রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মূলত এই অফিস সূচীর সঙ্গে সামঞ্জস্য রেখেই মেট্রোরেলে নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।