রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ নাগরিককে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বড় ধরনের সংকট মোকাবিলা করছে। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের আরও জোরালো উদ্যোগ প্রয়োজন।
অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ মিয়ানমারের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।