ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকালে বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে বাড়তি কোনো ফি বা চার্জ দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।
খসরু বলেন, এই ব্যবস্থা চালু হলে মানুষকে আর নগদ টাকা বহন করতে হবে না। একই সঙ্গে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ‘বাংলা কিউআর’ ব্যবহারে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন এরই মধ্যে সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও ডিজিটাল ও আধুনিক করার সুযোগ তৈরি হবে।
দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনীতি গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।