জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের ভবন-১-এর কক্ষ-৪০০-এ অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

মন্ত্রিসভা উল্লেখ করে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন। এর আগে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ আগস্ট ১৯৮০ জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১ অক্টোবর ১৯৯৩ জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।

মন্ত্রিসভা বলেছে, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্ব ইতিহাসে একটি অনন্য ঘটনা।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিসভা বলেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করে।

প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান পুনঃপ্রবর্তন করা হবে।

১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে।

কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।