পালনে অবহেলা, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে সহযোগিতার অভিযোগ পাওয়া গেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অবহেলার যেসব ঘটনা ঘটছে, সেগুলোর বিরুদ্ধেও ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এমন একটি পুলিশ বাহিনী চায়, যারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো পুলিশ কর্মকর্তা জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

পুলিশের কেউ কেউ গোপনে নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে তথ্য বা অন্য কোনোভাবে সহযোগিতা করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা তদন্ত ও সমাধানে অবদানের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।