নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এতে অংশ নেন।
এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক ও মতবিনিময়ও চলছে।
প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।