নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদরদপ্তরের কাছের তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা উঠে আসে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারেক রহমান ও এরদোগান।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও বহুমাত্রিক করার পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তুরস্কের পক্ষ থেকেও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে এগিয়ে নেওয়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।