শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা, পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, বেশি করে গাছ লাগানো এবং প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় ও তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করেন। পাশাপাশি তিনি তাদের ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়ায় এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
তিনি বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রাণিকুলের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং কোনো প্রাণীকে আঘাত না করে তাদের যত্ন নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এদিন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক এবং তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক জাতীয় সংসদ ভবনে আসেন।
তারা জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।