বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার বিকেল পৌনে চারটার দিকে ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌবিজিবি চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
বিজিবি সদস্যরা দুইজনের লাশ এবং গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানচি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
বলীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহত ব্যক্তিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে তদারক করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
পূর্বের পোস্ট :