পরপর কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে একাধিক ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর প্রভাবে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা ছাড়াও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়।
এর মাত্র এক মিনিট পর ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়।
এরপর রাত ১টা ২৭ মিনিটের দিকে ভারতের ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ কম্পনের প্রভাব ঢাকাসহ দেশের আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে।
এভাবে প্রায় ৭৫ মিনিটের মধ্যে তিনটি ভূমিকম্পের পর রোববার ভোরেও ভূমিকম্পের খবর পাওয়া যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
পরপর এসব ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পূর্বের পোস্ট :