খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে পর্যটকদের বিনোদনের জন্য নতুন তিনটি সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে জায়ান্ট সুইং ও জিপ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি নতুন বিনোদন সুবিধাগুলোর উদ্বোধন করেন।

এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়িতে এ ধরনের নতুন নতুন বিনোদন সুবিধা যুক্ত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি এবং শিশুদের আধুনিক বিনোদনের সুযোগ বাড়াতে নতুন এসব সুবিধা চালু করা হয়েছে। এর ফলে পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও পার্কটির আকর্ষণ বাড়বে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন বিনোদন সুবিধা চালুর ফলে খাগড়াছড়িতে দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।