উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।

এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপটির গতিপ্রকৃতি সম্পর্কে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে। তবে ‘প্রেসার গ্রেডিয়েন্টের’ কারণে বাংলাদেশেও এর কিছুটা প্রভাব পড়বে।

তিনি বলেন, লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশে তীব্র ঝড়ের আশঙ্কা নেই। তবে এর প্রধান প্রভাব হবে বৃষ্টিপাত।

এর আগে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে শনিবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।