ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।
তিনি জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে নিচে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিব নামে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেট কারের তরুণ চালক। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আহতরা হলেন—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়।
“দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।”
পূর্বের পোস্ট :