মে মাসের শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। শেষদিকে বৃষ্টি কমে তাপমাত্রা বেড়েছে। তবে সব মিলিয়ে এ মাসে দীর্ঘ সময় ধরে ভ্যাপসা গরম পড়েনি।

আজ রোববার, মাসের শেষ দিনে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা।

কয়েক দিনের বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি কমেছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় রয়েছে। গতকাল শনিবার দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার কয়রায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তাপপ্রবাহের পর্যায়ে পড়ে। তবে কোনো একটি বিচ্ছিন্ন স্থানে এভাবে তাপমাত্রা বাড়লে তাকে তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয় না।

তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতার মধ্যেও গতকাল বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় রাঙামাটিতে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এর আগে এ দুই বিভাগে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এর মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।