ঈদযাত্রার মধ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার ভোররাত চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। কালিহাতী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়।

এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার শামছুল আলম বলেন, “বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।”

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের ইনচার্জ গোপাল বলেন, “আমরা দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ পেয়েছি।”