গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বৃহস্পতিবার সাধারণ মানুষকে সুন্দর আবাসন নিশ্চিতের জন্য ফ্ল্যাট ক্রয় ও মালিকানা হস্তান্তর সেবা সহজ করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন মানুষ সারাজীবনের সঞ্চয় ব্যয় করে একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করেন। তাই মালিকানা হস্তান্তরসহ পরবর্তী সেবাসমূহ সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সাধারণ মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের আগের থেকে আরও বেশি সজাগ থাকা ও সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
আবাসন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা হবে উল্লেখ করে তাহের বলেন, "জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হবে। গৃহায়ন কর্তৃপক্ষের যেকোনো ভালো উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।"
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, অতিরিক্ত অর্থলোভ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে ক্ষয় করছে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে হলে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং সততার চর্চা অপরিহার্য।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, অতিরিক্ত সচিব মো: আব্দুল মতিন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম।
পূর্বের পোস্ট :