যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের চাপায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টার দিকে জ্যাকসন হাইটস-সংলগ্ন উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী একটি ময়লার ট্রাক ৬২ স্ট্রিটে উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাত জান্নাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জরুরি সেবা কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে কাজ করতেন।

নিশাত দুই ছোট বোন (৪ ও ৯ বছর বয়সী) ও বড় বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন।

নওশিন বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে সহজে মিশত এবং সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

নিশাতের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে। তার বাবা হেলাল উদ্দিন নিউইয়র্কের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

হেলাল উদ্দিন বলেন, “সুন্দর ভবিষ্যতের আশায় আট বছর আগে আমরা নিউইয়র্কে আসি। চার মেয়ের মধ্যে নিশাত ছিল দ্বিতীয়। পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।”

তিনি জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউইয়র্কেই দাফন করা হবে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশের দুর্ঘটনা তদন্ত বিভাগ।

ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে।

প্রতিষ্ঠানটির মূল প্রতিষ্ঠান ওয়েস্ট কানেকশন্স-এর এক মুখপাত্র বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”