রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকসে ‘ডারমেটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’-এর আয়োজনে “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকসের কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান শাহীন, এ এন এম হুমায়ুন কবির, প্রফেসর এম এ আব্দুল ওহাব, ডা. সাব্বির হোসেন এবং এম এম জাহিদুর রহমান বিপ্লবসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক, যা শরীরকে বাহ্যিক ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় এবং সৌন্দর্য ও সুস্থতার গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। তিনি বলেন, ত্বকের চিকিৎসা শুধু রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মধ্যে সার্বিক যত্ন, পুনরুদ্ধার এবং রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ও অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে ত্বকসংক্রান্ত চিকিৎসা সেবা আরও কার্যকর করা সম্ভব, যা রোগীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা ত্বকের গুরুত্ব ও এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ডার্মাটোলজি একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে দক্ষতা অর্জনের মাধ্যমে চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব।

২০১৩ সালে প্রতিষ্ঠিত অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস বর্তমানে ত্বক, চুল, নখ ও যৌনরোগের চিকিৎসায় দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ও প্লাস্টিক সার্জনের সমন্বয়ে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো ভিটিলিগো চিকিৎসায় ‘নন-কালচারড মেলানোসাইট ট্রান্সফার সার্জারি’ চালু করে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি ডার্মাটোলজি শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।