এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে রাজধানীর বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন মাঠে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহে আসতে থাকেন। নতুন পাঞ্জাবি, টুপি পরিহিত মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান হয়ে ওঠে উৎসবমুখর।
শিশু-কিশোররাও তাদের অভিভাবকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাঠে আসে। অনেকের হাতে ছিল জায়নামাজ ও পানির বোতল।
নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশে ছিল কড়াকড়ি। প্রধান ফটকে স্থাপিত আর্চওয়ের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে মুসল্লিদের প্রবেশ করতে হয়। পুলিশ আগেই নির্দেশনা দিয়েছিল, জায়নামাজ ও ওয়ালেট ছাড়া অন্য কিছু বহন না করতে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেক মুসল্লিকে ছাতা নিয়ে ঈদগাহে আসতে দেখা যায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে রাজধানীর প্রধান ঈদ জামাত সম্পন্ন হয়।
পূর্বের পোস্ট :