রোজার ঈদের আগেই দেশের কিছু কিছু জায়গায় খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সরকার সম্মানী দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘আমাদের নির্বাচনি প্রতিশ্রুতির কয়েকটি বিষয়ে আজ আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগেই পর্যায়ক্রমে প্রস্তুতি শেষ করে কিছু কিছু জায়গায় সম্মানিত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের আগে বেশ কিছু জায়গায় এ কার্যক্রম শুরু হবে।’

তিনি আরও বলেন, বিএনপির একটি বড় নির্বাচনি প্রতিশ্রুতি ছিল সারা দেশে মেধাভিত্তিক ও বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি। সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা উন্নয়ন এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

উপদেষ্টা জানান, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার নীতিমালা সংস্কার এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিলকরণ নিয়েও আলোচনা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও প্রাধান্য দেওয়ার বিষয়েও মতবিনিময় হয়েছে।

বিদেশে ও দেশে অবস্থিত দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা মতামত দিয়েছেন এবং দ্রুত জনগণের প্রতি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।