মোহাম্মদপুরে রাতভর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে; তাদের থেকে বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সারারাত অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বুধবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়।

প্রথম দফায় ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং ২টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।