সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসায়।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছায়।
ওই বাসায় অবস্থান করছেন তারেক রহমান, তাঁর স্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাঁদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও সেখানে রয়েছেন।
এ ছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপি চেয়ারপারসনের মেজ বোন সেলিমা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ অন্যান্য স্বজনরাও উপস্থিত আছেন। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু ও তাঁর বড় মেয়ে শাহিনা জামান খানও সেখানে রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমেদও ওই বাসায় অবস্থান করছেন।
আওয়ামী লীগ শাসনামলে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ওঠেন। আর তাঁর ছেলে তারেক রহমান যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসন কাটিয়ে গত সপ্তাহে পাশের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর এই বাড়িটি তাঁর সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার কফিন বহনের জন্য এভারকেয়ার হাসপাতাল, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা ও গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভেনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং সড়কে বুধবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এদিন বাদ জোহর মানিক মিয়া অ্যাভেনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর কফিন অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভেনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
জানাজার পর বেলা সাড়ে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনকে তাঁর স্বামী, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।
পূর্বের পোস্ট :