সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর ক্ষেত্রে অবারিত নয় এবং এটি তাঁর একক নিয়ন্ত্রণাধীনও নয়।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। এ অবস্থায় দলীয় প্রধানের অসুস্থতার খবর নেতা–কর্মীদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়েছে। অনেকে ধারণা করছেন, মায়ের শারীরিক অবস্থার কারণে তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন।

এ পরিস্থিতিতে আজ সকালে তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া করা হচ্ছে। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, দেশ–বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। জিয়া পরিবারের পক্ষ থেকে তিনি দোয়া ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তারেক রহমান লেখেন, মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তাঁরও আছে; তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর একার নয়। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।