প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু অক্টোবর মাসেই শুরু হবে বলে শনিবার জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আসন্ন ৩০শে অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।
চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ১৭৫ দিন পার হয়ে গেলেও নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। ২৯ জুলাইয়ের মধ্যে যোগদানের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিলেন প্রার্থীরা। তবে নির্ধারিত সময়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে রোববার শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন নিয়োগপ্রত্যাশীরা।