লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে রাখে বিশ্বচ্যাম্পিয়নরা।

কর্দোবায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

এর মাত্র তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন নিকো পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও জালের দেখা পান আলভারেজ। ফলে বিরতিতে যাওয়ার আগেই চার গোলের লিড পায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা কমেনি আলবিসেলেস্তাদের। বদলি হিসেবে মাঠে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দলের পঞ্চম গোলটি করেন। দীর্ঘ বিরতির পর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যবধান বাড়িয়ে করেন ৬-০।

ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার সাত গোলের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো। পুরো ম্যাচে আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে কোস্টারিকার চেয়ে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা।

এর আগে উরুগুয়ের কাছে হারের পর এই জয়ে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। মেসির বিদায়ের পর এটিই দলটির প্রথম জয়। এর এক দিন আগে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার একই ব্যবধানে জিতে বড় জয়ের ধারাবাহিকতা ধরে রাখল আর্জেন্টিনাও।