রাজধানীর সেগুনবাগিচার দখলমুক্ত ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাতটি সংস্কারের পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন ও পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীরও।

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির গ্রাফিতি করা হয়েছে।

সোমবার সকালে সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁদের সেখানেই ব্যবসা করতে হবে।

উচ্ছেদের পর কেউ আবার নিষিদ্ধ স্থানে বসলে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএসসিসির প্রশাসক বলেন, তাঁরা কাউকে উচ্ছেদ করতে চান না। গরিব হকারদের পুঁজির ক্ষতি হোক, সেটিও তাঁদের কাম্য নয়। এ কারণে হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ চালু করা হয়েছে। অন্য দিনগুলোতে আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবদুস সালাম বলেন, কোথাও মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, যে স্থান দিয়ে আগে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারত না, নিরলস প্রচেষ্টায় সেটি হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি–সংলগ্ন এলাকাটিকে পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি।

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এলাকাটি পরিষ্কার রাখবেন জানিয়ে প্রশাসক বলেন, সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে শিল্পকলা একাডেমি ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঢাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সাংবাদিক, হকারসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করে আবদুস সালাম বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি ঢাকাবাসীরও নাগরিক দায়িত্ব।