ভারতের রাজধানী দিল্লিতে চলমান প্রতিবাদ দমনে পুলিশি হয়রানি কিংবা ব্যাপক গ্রেপ্তারের আশ্রয় নেওয়া হলেও আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে বিজেপিকে চাপে ফেলার মতো পর্যাপ্ত তথ্য তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। আন্দোলনরত তরুণদের পাশে থাকার অঙ্গীকারও করেছেন কংগ্রেসের এই নেতা।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাহুল গান্ধী।
ভিডিওবার্তায় তিনি বলেন, প্রতিবাদকারীদের গ্রেপ্তার করতে সরকার যত সংখ্যক পুলিশই মোতায়েন করুক না কেন, তাঁরা পিছু হটবেন না। এমনকি ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ নামিয়ে সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ভারতের সংবিধান রক্ষার লড়াইয়ে তাঁরা মাথা নত করবেন না; বরং সরকারের ওপর চাপ আরও বাড়াবেন।
নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন বলেও উল্লেখ করেন রাহুল। এক দশকেরও বেশি সময় ধরে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড ও কৌশল পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষকে তিনি গভীরভাবে চেনেন।
রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি ও সংশ্লিষ্ট নেতৃত্বের মূল বৈশিষ্ট্যের মধ্যে কাপুরুষতা রয়েছে। তাঁর দাবি, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত দোভালের মতো ব্যক্তিরা ক্রমেই রাজনৈতিক চাপে পড়ছেন। বিরোধীদের ধারাবাহিক কর্মকাণ্ডে তাঁদের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবাদ দমনে গ্রেপ্তার কিংবা পুলিশি পদক্ষেপ কোনো কাজে আসবে না বলে নিজের বক্তব্যে স্পষ্ট করেন কংগ্রেস নেতা। একই সঙ্গে সংবিধান রক্ষা এবং তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।