মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক হত্যা, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া ঐতিহাসিক রায়ে এসব অপরাধের বিষয়টি উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় আদালতের রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নারী ও শিশুদের ওপরও চালানো হয়েছে ব্যাপক সহিংসতা।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে আসে, রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পথেও তাদের ওপর হামলা চালানো হয়।

মামলার বিচার চলাকালে তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সাক্ষীদের বক্তব্য গ্রহণের ক্ষেত্রে মিয়ানমারের পক্ষ থেকে চরম অসহযোগিতার বিষয়টিও উল্লেখ করেছে আদালত।

২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল শুনানি শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী দল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের রায় ঘোষণার পর সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিধানও নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযান ও সহিংসতা চালানো হয়। ওই ঘটনার পর প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।