মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পল্লীসেবা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের ধারণা, এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
অন্যদিকে, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।