নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার অভিযান চললেও এখনো ৪২০ বিদেশি পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তবে বিভিন্ন দেশের ১৮৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছেন। এখন পর্যন্ত ১১৪ জন ভারতীয় পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া চীনের ২৭ জন এবং দক্ষিণ কোরিয়ার ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া অন্যদের মধ্যে মালটার ৪ জন, জার্মানির ৪ জন, ইতালির ৩ জন ও যুক্তরাষ্ট্রের ৩ জন নাগরিক রয়েছেন। রাশিয়া, সুইজারল্যান্ড ও তুরস্কের দুজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিকও উদ্ধার অভিযানে নিরাপদে ফিরেছেন।
তবে এখনো ৪২০ পর্যটকের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে। নিখোঁজদের মধ্যে বেলজিয়াম ও স্পেনের পর্যটকরাও রয়েছেন বলে জানিয়েছে ট্যুরিজম বোর্ড। তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।
এদিকে বন্যা ও দুর্যোগে কতজন নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।