ওমানের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় ইউকেএমটিও জানায়, এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন গুরুত্বপূর্ণ এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা চলছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকারের মাস্টার দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।’

সংস্থাটি জানায়, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ১০ মাইল  দক্ষিণ-পূর্বে ঘটেছে।

ইউকেএমটিও আরও জানায়, ট্যাংকারটির নাবিক ও জাহাজ নিরাপদ রয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীর কার্যত নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। অনুমোদিত নৌপথ অনুসরণ না করার অভিযোগে ইরান এর আগে কয়েকটি জাহাজে গুলি চালিয়েছে।