রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। রোববার রুশ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, সাত সদস্যের একটি পর্বতারোহী দলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, ‘তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই সাত বিদেশি পর্বতারোহীর একটি দল মাউন্ট এলব্রুসে আরোহণ করছিল। পরদিন সন্ধ্যায় আবহাওয়ার দ্রুত অবনতি হওয়ায় দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।’
বিবৃতিতে বলা হয়, দলের একজন সদস্য নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ‘৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুজন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।’
পরে উদ্ধারকারীরা আরও একজন জীবিত পর্বতারোহীকে খুঁজে পান। একই সঙ্গে আরও তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়।
বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।