গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষোভের একপর্যায়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এতে ওই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সকাল আটটার দিকে গাজীপুর নগরের নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা এবং সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
সকালে কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকেই কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অন্যদিকে মেম্বারবাড়ি, মৌচাক ও তেলিরচালা এলাকাতেও শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা আবারও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুরা এলাকায় পুলিশ বক্সের চেয়ার-টেবিল বের করে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পুলিশ বক্সের আসবাবপত্র সড়কে ফেলে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।