মহালয়া উদ্‌যাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা। শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মহালয়া পালন করা হচ্ছে।

ভোর থেকেই দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডীপাঠ, পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ এবং দেবী দুর্গার বন্দনায় ভক্তিগীতি পরিবেশিত হয়। শরতের শান্ত সকালে পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ, যা দেবী দুর্গার আরাধনার জন্য নির্ধারিত পক্ষ হিসেবে পরিচিত।

মহালয়াকে দেবী দুর্গার মর্ত্যে আগমনের আনুষ্ঠানিক আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। দুর্গাপূজার সাত দিন আগে এই দিনটি পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়ার মধ্য দিয়ে পৃথিবী দেবী দুর্গা ও তাঁর সন্তানদের বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করে।

এদিন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন। পাশাপাশি তাঁদের নামে ব্রাহ্মণদের বস্ত্র, খাবার ও মিষ্টি দান করার রীতি রয়েছে।

মহালয়ার মধ্য দিয়েই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। এ বছর আগামী ১৭ অক্টোবর ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে। আর ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গার কৈলাসে প্রত্যাবর্তনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দুর্গাপূজার তিনটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো মহালয়া, বোধন ও সন্ধিপূজা। বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনই দেবী দুর্গা অসুররাজ মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের কাছ থেকে ঐশ্বরিক নির্দেশনা লাভ করেন।

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে আবির্ভূত হন দেবী দুর্গা, যিনি ‘মহাশক্তি’ নামে পরিচিত। দশ হাতে দশটি অস্ত্র ধারণ করে সিংহবাহিনী দেবী নয় দিনব্যাপী যুদ্ধে শেষ পর্যন্ত মহিষাসুরকে বধ করেন। এই কাহিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়।