রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেল ৫টার দিকে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। গত ২৭ সেপ্টেম্বর মামলাটি করা হয়।
মামলায় হামলা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর আঘাত, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও ভাঙচুর শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানান।
ওই হামলার সময় আলোচিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল ক্ষতিগ্রস্ত এবং খোয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জেরে হয়ে থাকতে পারে। হামলার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। এরই মধ্যে মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।