চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, বর্তমানে ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

এবারের পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বিলম্ব হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ফল প্রস্তুতের কাজে অতিরিক্ত পরীক্ষক যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এতে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৫ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়। ওই বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।