‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরের অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি সাইবার নিরাপত্তাকে বিমান বাহিনীর কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। নিরাপদ এবং সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিমান বাহিনীর আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতা আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা এবং ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিমান বাহিনীর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় প্রত্যেক সদস্যের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
মাসব্যাপী কর্মসূচির আওতায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা ও কুইজ আয়োজন করা হবে। পাশাপাশি বিমান বাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্যও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালকসহ বিভিন্ন ঘাঁটির কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।