গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৩ জন রয়েছেন চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, রাজশাহী বিভাগে ২১১ জন এবং বরিশাল বিভাগে ২১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ময়মনসিংহে ১০২ জন, রংপুরে ৯৯ জন এবং সিলেটে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ছয়জনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।