গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে। সেখানে ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন এবং খুলনা বিভাগে ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ৮ জনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭৫ হাজার ৭৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগতভাবে মশাবাহিত রোগ থেকে সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।