রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের পর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, প্রায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাদের অফিসে প্রবেশ করেন। এ সময় অফিসের দরজা, তালা ও জানালা ভাঙচুর করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরে অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

জয়নাল আবেদিন আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে মোস্তাকের রহমান খোকন চৌধুরী, মহিন, প্রিন্স ও আলামিনসহ কয়েকজন তাদের অফিস ও জমি দখলের চেষ্টা করে আসছিলেন। হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হারানোর আশঙ্কার পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের রোজ ভিলা সংলগ্ন জমিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে ওই জমির দখলে ছিলেন এক ব্যক্তি। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন সেখানে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে তারা অফিসে ভাঙচুর চালিয়ে জমির সীমানায় নতুন করে টিনের বেড়া দেওয়ার মাধ্যমে দখলের চেষ্টা করে।

জমিটির মালিকানা নিয়ে দুই পক্ষই নিজেদের কাছে বৈধ কাগজপত্র থাকার দাবি করছে। ফলে জমির মালিকানা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে।