দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন এলাকায়। সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন এবং খুলনা বিভাগে ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নতুন করে ১৯৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৬৪ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহে ১০৮ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে। একই সময়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে।